চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজি অটোরিকশায় মা-মেয়ে একসাথে কক্সবাজারের মহেশখালী যাওয়ার পথে বাসচাপায় মেয়ে মনিকা আক্তার (১৪) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে মা সাজেদা বেগম (৩৬)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বাঁশখালী চেচুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মনিকা আক্তার কক্সবাজার মহেশখালী উপজেলা মাতারবাড়ি উত্তর রাজঘাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম নিশ্চিত করে জানান, সকালে সিএনজি অটোরিকশায় মহেশখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মনিকা আক্তার মারা যায়। এই ঘটনায় তার মা সাজেদা বেগমও সামান্য আঘাত পেয়েছেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াও চলছে বলেও জানান তিনি।



