বান্দরবানের রুমায় বাসের ধাক্কায় মোথি ত্রিপুরা (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রুমা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর শিক্ষার্থীরা বের হলে সেখানে বাসের ধাক্কায় মোথি ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যায়। সে ওই এলাকার অসীরাম পাড়ার রোদিয়া ত্রিপুরার ছেলে।

এদিকে এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সদরঘাট এলাকায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী খবর পেয়ে আগুন নেভায়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সরোয়ারদি জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। বাসচালককে আটক করে থানায় নেয়া হয়েছে। সেইসাথে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।