বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা তার বাবার প্রতিশোধ নিতেই রাজনীতিতে এসেছিলেন। যারা তার বাবাকে হত্যা করেছিলেন, তাদের হত্যা করার অভিপ্রায় নিয়েই তিনি রাজনীতিতে আসেন। শেখ হাসিনা ৫০ বছর রাজনীতি করেছেন শুধুমাত্র তার বাবা হত্যার প্রতিশোধ নিতে। এ জন্যই তিনি জানতেন ৫ আগস্ট বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে।
গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুদ্দোহা পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখা আয়োজিত ছাত্র-জনতার সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণ-অভুত্থানে বাংলাদেশের মানুষের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী লেডি ফেরাউন জালিমশাহী শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে।
সংগঠনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতি হুসাইন আহমাদের সভাপতিত্বে ও মেহেরপুর আনসার ভিডিপি মসজিদের পেশ ইমাম সাব্বির রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন, শরাফত হুসাইন, মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।