রাজনৈতিক সহনশীলতার পরিচয় দিয়ে যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গতকাল মঙ্গলবারের কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা জামায়াত। আমিরে জামায়াতের অনুমতি নিয়ে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এ কথা জানান।
জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশে একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ করার যাবতীয় প্রস্তুতি নেয় সংগঠনটি। কিন্তু একই দিন পাশেই টাউনহল ময়দানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা রয়েছে। পাশাপাশি দু’টি সংগঠনের কর্মসূচি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে জেলা জামায়াত তাদের কর্মসূচি এক দিনের জন্য স্থগিত করেছে। একই সাথে স্থান পরিবর্তন করে আজ বুধবার টাউনহল ময়দানে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শহর আমির অধ্যাপক শামছুজ্জামান, গাজী মুকিতুল হক, রেজাউল করিম, আবুল হাশিম রেজা ও মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।