মুক্তিপণের বিনিময়ে অবশেষে ছাড়া পেলেন বান্দরবানের লামা থেকে অপহৃত ২৫ রাবার-শ্রমিক। সন্ত্রাসীদের হাত থেকে তাদেরকে মুক্ত করতে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সন্ত্রাসীরা তাদের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ঈদগড় এলাকায় ছেড়ে দেয়।
লামা থানার ওসি শাহাদাত হোসেন জানিয়েছেন, যৌথ বাহিনীর গত দু’দিনের অভিযানের মুখে সন্ত্রাসীরা তাদের ভোরে ঈদগড়ের জঙ্গলে ছেড়ে দিয়েছে। বর্তমানে শ্রমিকরা তাদের নিজ নিজ পরিবারের কাছে চলে গিয়েছেন।
আরাফাত রাবারবাগানের মালিক মো: ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে তিন লাখ আর বাকি পাঁচ বাগানের ১৩ জনকে মুক্ত করতে সাত লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।
সন্ত্রাসীরা জিম্মিদের অনেক মারধর করেছে। উদ্ধারের পর তাদের কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়াল মারা এলাকা থেকে সন্ত্রাসীরা ছয়টি রাবারবাগানের ২৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।