ফাল্গুনের শুরুতেই গরমের ইমেজ শুরু হয়েছে। এই গরমে মানুষের তৃষ্ণা মিটানোর জন্য প্রয়োজন বিশুদ্ধ পানি। মুন্সীগঞ্জ আদালতে আসা বিচারপ্রার্থীদের তৃষ্ণা মিটানোর কথা চিন্তা করে তাই সুপেয় পানির ব্যবস্থা করলেন মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় সুপেয় পানির উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, রহিমা আক্তার, ইফতি হাসান ইমরান, দুরদানা রহমানসহ আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবী।
সরেজমিনে দেখা যায়, ভবনের অষ্টম তলা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত প্রতিটি তলায় একটি করে ফিলটার পানির যন্ত্র বসিয়ে দেয়া হয়েছে। যাতে প্রতিটি তলায় আসা বিচারপ্রার্থীদের তৃষ্ণা মিটানোর জন্য আর দূরে কোথাও যেতে না হয়।
ঢাকা থেকে আসা এই আদালতে এক বিচারপ্রার্থী বলেন, এটি একটি ভালো উদ্যোগ। ঢাকার কোনো আদালতে পানি খাওয়ার এমন ব্যবস্থা নেই। এ ব্যবস্থা করে দেয়ার জন্য ওই বিচারককে ধন্যবাদ জানাই।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেন, কোর্ট কাচারীতে হতদরিদ্র মানুষের সংখ্যাই বেশি। তাদের অনেকেরই পানি কিনে খাওয়ার কিংবা একটু বসবার জায়গা থাকে না। এ কথা ভেবেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।