কুষ্টিয়া শহরের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ইশরাত জাহান লাবনী (৪০) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ব্যস্ততম শহরের এন এস রোডের মোয়াজ্জেম স্টোরের সামনে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ইশরাত জাহান লাবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের সহকারী রেজিষ্টার।

ইশরাত জাহান কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টিবাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ হোসেন জাফরের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহরের এন এস রোডের মোয়াজ্জেম স্টোরের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে আঘাত করে। এতে তিনি সড়কেই পড়ে যেয়ে কানে ও মাথায় আঘাত পান। রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘রাত ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়। মারাত্মক আঘাত পাওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমা নুর আমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। অর্থ ও হিসাব বিভাগ থেকে বদলি করে তাকে তথ্য ও জনসংযোগে সহকারী রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া হয়েছিল। বুধবার তার যোগদান করার কথা থাকলেও তিনি কোনো কারণে বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন না বলে ফোনে জানিয়েছিলেন।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, একজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর শোনার পরেই হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, পারিবারিকভাবে কোনো আইনি ব্যবস্থা গ্রহন না করার কারণে জেলা প্রশাসনের নিকট পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আহ্বান জানিয়ে আবেদন জানিয়ে লাশ রাতেই কুমারখালীর পান্টিতে পিতৃালয়ে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পান্টি স্কুল প্রাঙ্গনে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।