মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে পৃথক চারটি গ্রামে মাত্র চার ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গত শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের চরকেওয়া, টরকি, উত্তর চরমুশুরা ও দক্ষিণ চরমুশুরায় ঘটে এ ঘটনা।
আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবাকে (৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।
কুকুরের কামড়ে আহত উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম (৬০) বলেন, দুপুর ২টার দিকে কোত্থেকে যেন একটি কুকুর এসে আমাকে কামড় বসিয়ে দেয়। পরবর্তীতে শুনতে পাই ওই পথে কুকুটি আরো কয়েকজনকে কামড়িয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করিম বলেন, দুপুর আড়াইটার পর কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৪০ জনের মধ্যে ৩৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে ঢাকায় পাঠানো হয়।