মুন্সীগঞ্জের দক্ষিণাঞ্চল দিঘিরপাড় এলাকার রজতরেখা নদীটি এই এলাকার প্রাণ। নদীটি চালু করা হলে এই এলাকায় ফসল উৎপাদন বেড়ে যাবে। অনেকে বলছেন- প্রাকৃতিক কারণে, আবার কেউ বলছেন অন্য কোনো কারণে এই নদীটি ভরাট হয়ে গেছে। যেভাবেই ভরাট হোক নদীটি আবার সচল করা হবে বলে জানান জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো: আবুল হোসেন। গত রোববার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে রজতরেখা নদী পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
আবুল হোসেন আরো বলেন, স্থানীয় বাসিন্দাদেরও এখানে করণীয় আছে, তারা যেন নদীকে রক্ষা করার ব্যাপারে উদ্যোগী হন।
এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সোহেল, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



