রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল হাসেম সুজনকে (৫৩) একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সুজন রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই ফরিদ মিয়ার নেতৃত্বে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে আবুল হাসেম সুজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। সুজনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে টেন্ডারবাজি করে ঠিকাদারি কাজ করার অভিযোগ রয়েছে।
গত রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আসামি সুজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সুজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।