নতুন বাংলাদেশ গড়তে ন্যায়, সাম্য ও যুক্তিকে প্রাধান্য দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. এস এম এ ফায়েজ বলেন, তীব্র প্রতিযোগিতার মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছো, এটি যথাযথভাবে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষার এই পরিমণ্ডলে ভালো-মন্দ দুই দিকই আছে, তবে তোমাদের উচিত ইতিবাচক দিকগুলো গ্রহণ করা এবং নিজেকে শুদ্ধ, রুচিশীল ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
তিনি আরো বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তোমাদের সাহসিকতা প্রমাণ করেছে, নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব তোমরাই দেবে। যেখানে ন্যায়, সাম্য ও যুক্তির জয় হবে, আর মানুষে মানুষে শ্রদ্ধা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সভাপতি জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল লক্ষ্য জ্ঞান সৃষ্টি ও বিতরণ। শিক্ষার্থীদের রাষ্ট্র ও পরিবারের প্রতি দায়বদ্ধতা রয়েছে, যা সবাইকে মনে রাখতে হবে।



