জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন। গতকাল মেলার দ্বিতীয় দিন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরো বৃহত্তর পরিসরে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ চাকরি মেলায় ৩৫টি কোম্পানির স্টল বসেছে এবং ২০০-এর বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বিভিন্ন স্টলে তাদের সিভি জমা দিচ্ছেন এবং একই সাথে অন-স্পট ইন্টারভিউতে অংশ নিচ্ছেন।



