বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে খেলোয়াড় হবেন, দেশের জন্য খেলবেন। কিন্তু দেশের জন্য খেলার সুযোগ কিংবা স্বপ্ন আমার ছিল না। তবে সুযোগ হয়েছে এবার রাজনীতির মাঠে খেলা করার। এই মাঠে আপনারা কখনো আমাকে একা রাখবেন না। গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার রানীরহাট উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউছুপ চৌধুরী। উদ্বোধন করেন চট্টগ্রাম কারা পরিদর্শক এম আতাউল্লাহ সম্রাট। ছাত্রনেতা রেজাউল করিম, শরফুদ্দীন মাহমুদ চৌধুরী ও ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, অর্থ সম্পাদক ইউছুপ কামাল, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, রাজানগর ইউনিয়নের বিএনপি সভাপতি রেজাউল করিম, ইসলামপুরের সভাপতি আবদুল মান্নান রনি প্রমুখ।