মাত্র এক মুহূর্তের অসতর্কতায় থেমে গেল একটি নিষ্পাপ শিশুর জীবন। খেলার সময় পুকুরে পড়ে গিয়ে প্রাণ হারায় পাঁচ বছরের ছোট্ট ইমরান খান।

রোববার (২৭ জুলাই) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় গ্রামে ঘটে এ ঘটনা ঘটে।

মৃত ইমরান খান উপজেলার সোমাইরপাড় গ্রামের কৃষক মো: কালাম খানের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় একা খেলছিল ইমরান। পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিখোঁজ হয়ে যায়। প্রথমে ভাবা হয়েছিল হয়তো পাশের কোনো ঘরে গেছে। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

তড়িঘড়ি করে শিশুটিকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাসুদ পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।