কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট এলাকায় বালুভর্তি ডাম্পার গাড়ির ধাক্কায় ইজিবাইকের (টমটম) চালক মোহাম্মদ শফিউল্লাহ(২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

স্হানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডুলাহাজারা মালুমঘাট কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ডাম্পার গাড়িটি দ্রুত এসে ইজিবাইককে (টমটম) ধাক্কা দিলে গাড়িটি ছিটকে পড়ে। এ সময় স্হানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালকের মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ শফিউল্লাহ(২৪) চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার এলাকার কিসমত আলী পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান জানান, ইজিবাইকটি ডুলাহাজারা স্টেশন থেকে যাত্রী বোঝাই করে ফাঁসিয়াখালীর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে ।

তিনি আরো জানান, ঘটনার পর পর ডাম্পার ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক শফিউল্লাহ মারা যায়। দুর্ঘটনায় পতিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে তিনি।