গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার শিশু সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ৩টার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার কমলবুক গ্রামের তানভীর আহমদের স্ত্রী রত্না আক্তার (২৪) ও ছেলে শায়ান (৪) এবং একই উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে তৌহিদুল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে দুটি পরিবারের ছয়জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা গাজীপুর চৌরাস্তার উদ্দেশে রওনা দেয়। গাড়িটি জামিরারচরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস (চট্ট. মেট্রো ব-১১-১০৯৪) মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহতদের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তৌহিদুল ও শায়ানকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মুমূর্ষ অবস্থায় রত্নাকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার।
এদিকে ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে সিএনজিচালক আলমগীর হোসেনও পালিয়ে যান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও সিএনজি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।






