সিলেটের গোয়াইনঘাটের ইসিএ ঘোষিত সংকটাপন্ন এলাকা জাফলংয়ের পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে নদীর মাঝ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রজব আলী (৪০) জাফলং ইউনিয়নের বরবন হাওর গ্রামের রহমত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রজব আলী সকালে সাড়ে ৮টার দিকে বারকি নৌকা নিয়ে পিয়াইন নদীতে বালু উত্তোলন করতে যায়। নয়াবস্তি এলাকায় দক্ষিণ দিকে পিয়াইন নদীর মাঝখানে বারকি নৌকা থেকে নেমে বালু তুলতে থাকে। এক পর্যায়ে নদীতে ডুব দিলে পানিতে তলিয়ে যায়। পরবর্তী দীর্ঘসময় রজব আলী পানির নিচ থেকে না উঠায় আশ পাশে থাকা আরো বারকি শ্রমিকরা পানিতে খুঁজাখুঁজি শুরু করে। এসময় প্রায় ৩০ মিনিট পর রজব আলীর লাশ পানির নিচ থেকে ভেসে ওঠে। পরে তার আত্মীয় স্বজনসহ অন্য শ্রমিকরা রজবের লাশ বাড়িতে নিয়ে যায়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ জানান, জাফলং পিয়াইন নদীতে পাথর তুলতে গিয়ে পানিতে ডুবে সে মৃত্যুবরণ করে। লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিসাপেক্ষে লাশ দাফনের প্রস্তুতি চলছে। অনুমতি পেলে লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় লাশের ময়নাতদন্ত হবে।