নাটোরের সিংড়ায় ডাকাতি চেষ্টায় ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার সকাল সাড়ে ৬টায় নাটোর-বগুড়া মহাসড়কে বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এসময় একটি কালো রংয়ের হাইয়েস ও নীল রংয়ের একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় পাবনা-থ ১১-২১৫৪ নম্বরের একটি সিএনজিকে দাড়ানোর জন্য সংকেত দেয় কর্মরত চেইন মাষ্টার ওহেদ আলী। কিন্তুু দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় পৌরসভার টোল এলাকায় সিএনজিটিকে আটক করে স্থানীয় জনতা। সাথেই সিএনজির পেছনে থাকা ঢাকা মেট্রো-চ ১৬-১৬২৫ নম্বরের আরেকটি কালো রংয়ের হাইয়েস গাড়ীকেও আটকে দেয়া হয়। এসময় ওই গাড়ী থেকে কয়েকজন নেমে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা পাবনা সদরের খলিলুর রহমানের ছেলে হোন্ডা মেকানিক তুষার আহম্মেদ (২২), পাবনা-বেড়ার নুরুল আমিনের ছেলে আরিফুল ইসলাম মিঠু (২৪), ঢাকার নবীনগরের সোহরাব হোসেনের ছেলে বাবু (২৪) ও হাইয়েস গাড়ীর ড্রাইভার পাবনা সদরের শ্রী নরেশ চন্দ্র সরকারের ছেলে নও মুসলিম আহম্মেদ শাহরীরা কনক (২৫) এবং তার সঙ্গী রাজশাহী তানোরের আতাউর রহমানের ছেলে সবুর উদ্দিন (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুজ্জামান উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটককৃতরা হল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা প্রায়ই মহাসড়কে বিভিন্ন গাড়ী ছিনতাই ঘটনার সাথে জড়িত। এবিষয়ে সিংড়া থানায় একটি ডাকাতি চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।