জামালপুরের সরিষাবাড়ীতে একটি নিয়োগ পরীক্ষার আগে নিয়োগ কমিটির প্রতিনিধিকে লাঞ্ছিত করায় পরীক্ষাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত দফতরি কাম প্রহরী নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষা শুরুর প্রস্ততিকালে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছাইফুল ইসলামের অফিস কক্ষে অতর্কিতে হামলা চালায়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামিমের প্রতিনিধি সদস্য বাছাই ও নিয়োগ কমিটির সদস্য এবং দৈনিক যুগান্তর পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডুকে হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে মারাত্মকভাবে আহত করেছে। সহযোগী সাংবাদিকরা আহত সাংবাদিক জহুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর সদর হসপিটালে নিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দফতরি কাম প্রহরী পদে মৌখিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো।
উপজেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব দফতরি কাম প্রহরী নিয়োগ ও বাছাই কমিটির সদস্য আব্দুল হালিম বলেন, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মৌখিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন-২ অধিশাখার ২৬ জানুয়ারি ২০১৫-এর স্মারকমূলে দফতরি কাম প্রহরি পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের ক্যাচম্যান্ট এরিয়ায় আবেদনপত্রের আহবান করা হয়।



