ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে প্রবেশের প্রধান সড়ক ও স্টেশন রোডের শরিয়তনগরে সড়কের পাশেই তৈরি করা হয় ময়লার বাগাড়। ময়লার বাগাড়ের গন্ধের কারনে সাধারণ মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছিল। কিন্তু কেউই এই ময়লার বাগাড় অপসারনের কোন উদ্যোগ নিচ্ছিলেন না। অবশেষে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী বাইন হীরা সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ময়লার বাগার অপসারনের উদ্যোগ নেন।

মঙ্গলবার দুপুর থেকে ময়লার বাগারের আবর্জনার স্তুপ অপসারন শুরু করা হয়। এর আগে সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা ময়লার বাগাড় পরির্দশন করে এটি অপসারনের সিদ্ধান্ত নেন। অপসারনের পর কেউ এখানে ময়লা ফেললে তাকে জেল জড়িমানা করার ঘোষনা দিয়েছেন তিনি।

এ সময় আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

আবর্জনার স্তুপটির অপসারনের জন্য সাধারণ মানুষ ইউএনওকে ধন্যবাদ জানান। তারা জানান, ময়লার স্তপটি সরানো হলে এলাকাবাসী এ পথ দিয়ে স্বস্থিতে চলাচল করতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা জানান, সাধারণ মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে এই ময়লার বাগাড়টি পরিস্কার করার উদ্যোগ গ্রহন করি। আশা করি এই ময়লার স্তুপটি অপসারণ করা হলে এই এলাকাবাসী উপকার পাবেন। ভবিষ্যতেও আশুগঞ্জের বিভিন্ন এলাকায় এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।