যশোরের চৌগাছায় শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় কাকুড়িয়া গ্রামে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার চৌগাছা থানা পুলিশ বড় কাকুড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে বলাই হালদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
তিনি কোঁটচাদপুর উপজেলার কাগমারী গ্রামের নবদ্বীপ হালদারের ছেলে এবং চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বড় কাকুড়িয়া গ্রামের ঝড়– হালদারের জামাই।
জানা যায়, কয়েকদিন আগে পরিবারের লোকজনের সাথে গোলযোগের জের ধরে বাড়ি থেকে রাগ করে শ্বশুরবাড়িতে চলে আসেন বলাই। গত দুইদিন শ্বশুরবাড়িতে থাকা নিয়ে শ্বশুরপক্ষের সঙ্গেও ঝগড়াঝাটি শুরু হয়। এদিন সকালে জানা যায়, বলাই বিষপানে আত্মহত্যা করেছেন।
চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আমি বিষ খাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে চৌকির উপর লাশ দেখতে পাই। সেখান থেকে সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাবে না।



