গাজীপুরে বৃহস্পতিবার রাতে পৃথক ট্রাক চাপায় পুলিশের এক এএসআই সহ দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। নিহতরা হলেন জয়দেবপুর থানাধীন মীরের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই মো. আমজাদ হোসেন ও গাজীপুর সিটি কর্পোরেশনের জাঝর এলাকার অঞ্জন বোসের ছেলে সাগর বোস (২৯)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আমজাদ হোসেন মীরের বাজার এলাকায় দায়িত্বপালন করছিলেন। এসময় ঢাকা-বাইপাস সড়ক যানজট মুক্ত করতে গিয়ে মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় গিয়ে চাল বোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এসময় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পুলিশসহ মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এএসআই আমজাদ মারা যান।
অপরদিকে সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটর সাইকেল যোগে পিতা-পুত্র কোনাবাড়ি থেকে গাজীপুর সিটির জাঝর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর বোস নিহত এবং তার পিতা অঞ্জন বোস আহত হন। অঞ্জনবোসকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।



