সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল জব্বার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা সদর সংলগ্ন এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজ মাঠে মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জোহরের নামাজের পর থেকে জানাযার মাঠে জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ জড়ো হতে থাকেন। শনিবার মেয়রের লাশ গোলাপগঞ্জ পৌরসভা মাঠ ও এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজে আনা হলে পূর্ব সিলেটের হাজারো মানুষজন এক পলক দেখার জন্য ফের ভিড় জমান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সফিকুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সভাপতি সরওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিশদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিএনপির অন্যতম নেতা ডাঃ শাহরিয়ার আহমদ চৌধুরী এবং পূর্ব সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নির্বাচিত প্রতিনিধি, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ হাজার হাজার মুসল্লিগণ জানাযার নামাজে উপস্থিত হন।