ফরিদপুরে খোয়া ভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। তারা মোটর সাইকেল আরোহী ছিলেন। শনিবার বিকেল ৫টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের কালিপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন মধুখালী পৌরসভার মেছরদিয়া মহল্লার মো. রাশেদুজ্জামানের ছেলে মো. লিমন (১৮) ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে মো. সাব্বির। দুজনই এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যাক্ষদর্শীরা জানায় ওই দুই তরুণ একটি মোটরসাইকেলে করে কামারখালীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরিত দিক থেকে খোয়া ভর্তি একটি ট্রাক ওই মোটর সাইকেলকে চাপা দিলে ওই দুই তরুণ ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার এসআই মো.সাব্বির হোসেন জানান, এ দুর্ঘটনার পর ওই ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।