চাঁদপুর শহরের ষোলঘর এলাকার কলেজ অধ্যক্ষ শাহিনা সুলতানা ফেন্সি খুনের ঘটনায় স্বামী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন নিহত ফেন্সির ছোট ভাই ফোরকান উদ্দিন খান। মামলার অপর আসামীরা হচ্ছেন: ফেন্সির সতিন জুলেখা বেগম (৩৪), দেবর খাইরুল ইসলাম নয়ন (৪৫) ও ননস জানু বেগম (৪৮)।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানাযায়, সোমবার রাত ১০ টার দিকে ষোলঘর নিজ বাসভবনে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে খুন হন ফেন্সি। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী এডভোকেট জহিরুল ইসলামকে আটক করেন। এরপর রাতেই শহরের নাজির পাড়া থেকে দ্বিতীয় আসামী জুলেখা বেগমকে আটক করে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামীদের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারার অপরাধে মামলা হয়েছে। মামলা নং-১০, তারিখ ৫ জুন, ২০১৮খ্রি.।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মহিউদ্দিন জানান, আটক প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে বিকেলে আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকী দুই আসামীকেও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
নিহত শাহিনা সুলতানা ফেন্সি ৩ কন্যা সন্তান রয়েছে। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি মহিলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক নির্বাচিত ভিপি ছিলেন।



