বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। ভোটের অধিকার থেকেও এদেশের জনগনকে বঞ্চিত করা হয়েছে। খালেদা জিয়াকে কারামুক্ত করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার করবো ইনশাআল্লাহ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থ্যতা কামনায় জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বুধবার বিকেলে শহরের ঝিলটুলীতে স্বপ্নের ছোঁয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সেমিনার, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দা সুমাইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জিয়া সাইবার ফোর্স এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা স্কোয়াড্রন কমান্ডার (অবঃ) ওয়াহিদ উন নবী, জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফায়জাল, মহাসিচব কেএম হারুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সহ-সভাপতি ভিপি সেলিম হোসেন, জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক খান জিতু প্রমুখ।

বক্তাগণ বলেন, সরকার তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কেউ যাতে প্রতিবাদ করতে না পারে সেজন্য বিরোধী দলের নেতাকর্মীদের বেছে বেছে গুম করা হচ্ছে। দেশের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকলকে এখন ঐক্যবদ্ধভাবে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেমিনারের শেষে বেগম জিয়ার কারামুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।