ময়মনসিংহের হালুয়াঘাটে বিস্কুটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ করেছে উপজেলার ৯ নং ধারা ইউনিয়নের প্রতিবেশী মঞ্জুরুল (২৬)। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে হালুয়াঘাট থানায় মামলা করেছেন শিশুটির বাবা। শিশুটি জানায়, গত রোববার ধারা কলেজ মাঠে ইফতার খেয়ে বাড়ি ফেরার পথে পিছু নেয় মঞ্জুরুল। বিস্কুট খাওয়াবে বলে নদীর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে শিশুটি। ঘটনাটি গত ৩ জুন সন্ধ্যায় ঘটলেও তা প্রকাশ পায় মঙ্গলবার সন্ধ্যায়। শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের দৃষ্টিগোচর হয়। তার কি হয়েছে এমন প্রশ্নের জবাবে শিশুটি মুখ খুলে সবার কাছে। শিশুটির মা জানান, মঞ্জুরুলের দু’টি ছেলে সন্তান রয়েছে। মঞ্জুরুল এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটিয়েছে। গত মঙ্গলবার রাতে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য শিশুটিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ঘটনাটি জানা মাত্রই মঞ্জুরুলকে আটকের চেষ্টা চলছে। মামলার পর শিশুটিকে ডাক্তারি পরীার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।