রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে পাহারা থাকার পরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে মালামাল তছনছসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। গত সোমবার সকালে দোকানে এসে চুরির বিষয়টি টের পাওয়া যায়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ মামলার ২জন সন্দেহভাজন আসামী উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের আজাহার আলী মোল্যার ছেলে আবু মুছা (৩৫), চরবিলধামু (বাকসাডাঙ্গী) গ্রামের জাকির শেখের ছেলে জাহিদুল শেখ (৩০) গ্রেফতার করে। তাদেরকে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্রি গ্রামের করিম মোল্যার ছেলে রিপন মোল্যা (৩০) ও হোসেন আলী শেখের ছেলে শহীদ শেখ (২২), ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের কানু মন্ডলের ছেলে তারু মন্ডল (৩৮) কে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।

জানা গেছে, বালিয়াকান্দি বাজারের প্রধান সড়কে ব্যবসা প্রতিষ্ঠান লুপিন এন্টারপ্রাইজের টিন ও ওয়ালের ফাঁকা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। সিন্দুক ভেঙ্গে ভিতরে থাকা নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা, বালিয়াকান্দি বাজারের স্বপ্নদ্বীপ মার্কেটের নিচতলার মেসার্স ভুঁইয়া ট্রেডার্সের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা, মেসার্স আঃ রাজ্জাক ষ্টোরের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল ) ফজলুল করিম, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে।

বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, এ মামলার ২জন সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।