গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন কামনা করে বলেন, আগামী প্রজন্মের জন্য ভাল কিছু রেখে যেতে চাই। তাই একটি বিশেষ সময়ে এসে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছি।
আমি বিগত দিনেও প্রতিহিংসার রাজনীতি করি নাই। আগামীতেও সবার সাথে সৌহাদ্যপূর্ণ একটি পরিবেশে থাকতে চাই। আমাদের অতীত রাজনীতির সোনালী দিনগুলো ফিরিয়ে আনতে চাই। সকলে মিলে-মিশে সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই। তিনি স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সমর্থন কামনা করে বলেন, প্রতিহিংসার রাজনীতি বর্জন করে আসুন, সকলে মিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর সমাজ গড়ে তুলি।
তিনি বলেন, আহসান উল্লাহ মাস্টার আওয়ামীলীগের রাজনৈতিক আদর্শে বিশ^াসী হলেও এলাকার প্রশ্নে আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ছিল। আমরা প্রতিহিংসার রাজনীতি করি নাই। অথচ আমি বর্তমানে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ নির্বাচনী বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যে শহীদ আহসান উল্লাহ মাস্টারের সাথে আমাকে জড়িয়ে চরম মিথ্যাচারের আশ্রয় নিয়েছে।
হাসান উদ্দিন সরকার বৃহস্পতিবার টঙ্গীর বনমালা হাউজ বিল্ডিংয়ে ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ সালাহ উদ্দিন সরকার ও টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর। ধানের শীষ প্রতীকের ৪৮ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কসিম উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ হোসেন হাওলাদার, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী সফিউদ্দিন সফি, সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী মোমিন মিয়া, কাউন্সিলর পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম, টঙ্গী থানা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বিপ্লব, ভিপি শামসুল হুদা সরকার মামুন, অ্যডভোকেট এনামুল হুদা সরকার, লিটন মৃধা প্রমুখ।