টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইদের হাতে বড় ভাই খুন হয়েছেন। খুন হওয়া ব্যাক্তি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আজাহার আলী (৬০)।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আজাহার আলী গুরুতর আহত হন। এরপর তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। আলেয়াকে ঢাকায় উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে আজাহার আলী ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে আব্দুল জলিল ও বাবুল লাটিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়।
আজাহার আলীর সঙ্গে তার আপন ছোট দুই ভাই আব্দুল জলিল ও বাবুলের সঙ্গে আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন, নিহতের লাশ আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ রিপোট পাঠানো পর্যন্ত সন্ধ্যার পরও কোন মামলা হয়নি।



