ঋণের বোঝায় অতিষ্ঠ হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টস মালিক আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী আব্দুল মতিন (৪৭) রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান এনএম ফ্যাশনের মালিক। পুলিশের দাবি ব্যাংক ঋণসহ বিভিন্ন লোকের কাছের প্রায় আড়াই কোটি টাকা ঋণ থাকায় আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুর আগে ঋণের বিষয়গুলো লিখে যাওয়া খাতাটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ফতুল্লায় মাসদাইর পাকাপুল এবি প্লাজার সপ্তম তলায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে তিনি আত্মহত্যা করেন। দুপুর ১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আব্দুল মতিন কুষ্টিয়ার দৌলতপুর থানার মৃত আব্দুল জলিলের ছেলে। সে পরিবার নিয়ে মাসদাইর পাকাপুলস্থ এবি প্লাজার সপ্তম তলায় নিজস্ব ফ্লাটে বসবাস করতেন।

নিহত আব্দুল মতিন স্ত্রী  নাদিরা আক্তার রেখা, ছেলে মাহাদী হাসান সাইম (৮) ও মেয়ে ফাতেমা আক্তার জোহরা (১৫)  রয়েছে।

আব্দুল মতিনের স্ত্রী নাদিরা আক্তার রেখা কান্না জড়িত কন্ঠে বলেন, উনার কত কোটি টাকা ঋণ আছে আমাদের কিছুই জানান নি। এদিকে নিহতের বড় ভাই নজরুল ইসলাম বলেন, ঋণসহ বিভিন্ন বিষয়ে সে সমস্যায় থাকলেও কখনো কাউকে কিছু বলেন নি।  নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখতো। গত বছর মতিনের দেড় কোটি টাকা ঋণ আমি পরিশোধ করেছি। কেন সে আত্মহত্যা করলো বুঝতে পারছি না।

ঘটনাস্থলে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঋণের টাকার জন্য গার্মেন্টস ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।