বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট চত্বর থেকে ফরিদপুরে শহর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এরপর স্বাধিনতা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজাউলের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ। এর আগে জেলা বিএনপির উদ্যোগে কোর্ট চত্বরে অপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সহ-সভাপতি শহীদ পারভেজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গির হোসেন প্রমুখ নেতৃত্ব দেন।