গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, লক্ষ লক্ষ শ্রমিক ঈদ করতে মা-বাবা পরিবারের কাছে যাবে। তারা যেন ছুটিতে নিরাপদে ঘরে যেতে পারে এবং ছুটি শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারে। সে ব্যাপারে আমাদের সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সাথে সম্পৃক্ত সবাই সাধ্যমত চেষ্টা করছেন। তিনি নিরাপদে ও সময়মত যাতায়াতের জন্য যানবাহনসহ সকল কর্তৃপক্ষকে সহযোগীতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি রোববার মহানগরের ছয়দানা এলাকায় নিজ বাসভবনে ৫৪, ৩৬ এবং ৩০ নম্বর ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এদিন তিনি মহানগরের ২৪, ২৫, ৪২ নম্বর ওয়ার্ড, চাপুলিয়া অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি এবং পুলিশ লাইন্স মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২৫ নম্বর ওয়ার্ড ডুয়েট প্রাঙ্গণে, ৪২ নম্বর হায়দরাবাদ মাদ্রাসা প্রাঙ্গণ এবং ২৪ নম্বর শিমুলতলি ও চাপুলিয়া হাজী মাইনুদ্দিন মার্কেট এলাকায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির ইফতার মাহফিলে বক্তব্যে উপস্থিত মুসল্লি ও সকলের দোয়া সহযোগীতা ও ভোট প্রার্থনা করেন। মহানগর ও জেলার আওয়ামী লীগ ও অংগ সংগঠনের সকল স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার আলোচানায় তিনি আরও বলেন, ভোট সকলের মৌলিক অধিকার। সকল শ্রেনীর ভোটারকে তিনি বিশ্বাস করেন। ভোটারদের তার উপর বিশ্বাস আছে। তিনি বিশ্বাস করেন শ্রমিক এবং ভাসমান ভোটাররা যথাসময়ে ফিরবে। ঈদের পরে আর এক ঈদ ভোট উৎসব। তিনি বিশ্বাস করেন আগামী ২৬ জুন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নৌকা মার্কায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাঁকে জয়যুক্ত করবেন। তিনি শ্রমিক মালিক এবং সংশ্লিষ্ট সকলের দোয়া সহযোগীতা এবং ভোট প্রার্থনা করেন।’

অপরদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ গাজীপুর জেলা শাখা ৩৬ নম্বর ওয়ার্ড বোর্ড বাজার এলাকায় ইছর পুজা মন্ডপ মাঠে মতবিনিময় করেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাড. শফিকুল ইসলাম বাবুল, মোঃ মজিবুর রহমান, মোঃ শফিকুল আলম, আবু সাইদ খান, আব্দুর রউফ, সামসুল হক খান, এ বি এম নাসির উদ্দিন, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমেদ, হাতেম আলী, মোঃ বাছির উদ্দিন, মোঃ আমজাদ হোসেন বাবুল, মোঃ আসাদুজজামান তরুণ, দেলোয়ার হোসেন হাওলাদার, শওকত আলম, জামাল উদ্দিন, আলী হোসেন, জাহাঙ্গীর আলম বাবু, মোঃ এমদাদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।