বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ঈদের দিন নিজ বাড়ির সামনের মসজিদে ঈদের নামাজ আদায় করেন। বিকেলে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য নিজ নির্বাচনী এলাকা কবিরহাটে যাওয়ার জন্য রওনা হলে বাড়ির দরজার রাস্তার মুখে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান আড়াআড়ি করে মওদুদ আহমেদের গাড়ির সামনে অবস্থান করে গাড়ি আটকে দেয়। গাড়িতে থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ তখন পুলিশকে উদ্দেশ করে বলেন, হয় আমাকে যেতে দিন নতুবা গ্রেফতার করে থানায় নিয়ে যান। আমি পাঁচবার বিপুল ভোটে এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ঈদ উপলক্ষে সাত দিন আমার বাড়িতে আছি। পবিত্র রমজান মাসে ইফতার পার্টিতে আমাকে যেতে দেন নাই। আমরা মুসলিম দেশের নাগরিক। আমাদের রাষ্ট্র মুসিলম।
মওদুদ জানান, আমি কবিরহাট ও ভূঞারহাট এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য বের হলে পুলিশ আমাকে আটকিয়ে দেয়। এতে প্রমাণ হয়েছে এ সরকার জনগণকে ভয় পায়। আমি বলেছি অন্যায় কিছু করলে গ্রেফতার করে থানায় নিয়ে যান। আর তা না হলে আমাকে বের হতে দিন। এরা চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী। সরকারের এখানে যিনি মন্ত্রী আছেন তার নির্দেশে এসব হচ্ছে। তার জনসম্পৃক্ততা থাকলে এ ধরনের কাজ করতেন না। তিনি গত নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত হননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এলাকায় গণতন্ত্রে নমুনা দেখুন। কেন আমি বাড়ি থেকে বের হতে পারব না। আমার কী অপরাধ তা আমাকে স্পষ্ট করে বলুন।
ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়ির আশপাশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আটকের সংবাদ পেয়ে জড়ো হয়। এ সময় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হক এ প্রতিবেদককে জানান, ওনার নিরাপত্তাহীনতার কারণে ওনাকে বের হতে দেয়া হচ্ছে না।