রাজবাড়ীর পাংশা উপজেলার নওপারা এলাকায় সোমবার রাতে কর্তব্যরত অবস্থায় আলমগীর হোসেন আলম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। নিহত আলমগীর হোসেন আলম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুলবাহার ইউনিয়নের উমর নগর এলাকার গোলাম সরওয়ার মোল্লার ছেলে।

পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে একটি মাইক্রোবাসে পুলিশের একটি দল নওপারা এলাকায় টহল দিচ্ছিলো। এসময় নওপাড়া এলাকায় মাইক্রোবাসটির চাকা কাদায় আটকে যায়। পুলিশ কনস্টেবল আলম ভয়ে মাইক্রোবাস থেকে লাফ দিলে মাইক্রোবাসটি অকস্মিক উল্টে তার গায়ের উপর পড়ে।

আহতাবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম তাকে হাসপাতালে দেখতে যান।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, নিহত পুরিশ কনস্টেবল আলগীরের লাশ ময়নাতদন্ত শেষে দুপুর সাড়ে ১২ টায় পুলিশ লাইনে নামাজের জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশের তথ্যমতে, নিহত আলমগীর হোসেন আলম ২০০৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন। চলতি মাসের শুরুর দিকে তিনি গাজীপুর থেকে রাজবাড়ীর পাংশা উপজেলায় বদলী হয়ে আসেন।