টাঙ্গাইলে গাছের মরা ডাল ভেঙে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে বাছাতন বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মুত্যু হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার ডিসি লেকের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত বাছাতন বেগম টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর মধ্যপাড়া গ্রামের মৃত গুইডা মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানান, হতভাগ্যা ওই বৃদ্ধা লাকড়ি হিসেবে শহরের আদালত চত্ত¡রের বিভিন্ন গাছের মরা ডাল সংগ্রহের জন্য সকাল ১০ টার দিকে বাসা থেকে বের হন। ডিসি লেকের পশ্চিম পাশের একটি গাছের মরা ডাল ভাঙার জন্য বাঁশের কোটা দিয়ে টান দেন। উপর থেকে বড় আকারের ডালটি বাছাতন বেগমের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মডেল থানার এএসআই নবীন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।