চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়ার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সাবেক চিফ হুইপ শাহজাহান চৌধুরী ভেবে কক্সবাজার কুতুবদিয়ার কুতুব শরিফ দরবারের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা শাহ্ আবদুল মালেক আল কতুবী রাহ:-এর ছেলে শাহজাদা শেখ ফরিদ আল কুতুবীকে (৬৫) সাতকানিয়া থানা পুলিশ আটক করার দেড় ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। তিনি বর্তমানে কুতুবদিয়া দরবার শরিফের পরিচালক। গত শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পথে মাইক্রোবাসে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পুলিশ অস্থায়ী চেক পোস্ট বসিয়ে যানবাহান তল্লাশি শুরু করে। এ সময় কুতুবদিয়া দরবার শরিফের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবীর মাইক্রোবাসটি সাতকানিয়া রাস্তার মাথায় বসানো অস্থায়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে চেহারার মিল থাকায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী মনে করে কুতুবদিয়া দরবার শরিফের পরিচালক শেখ ফরিদ আল কুতুবীকে আটক করে থানায় নিয়ে যায় সাতকানিয়া থানা পুলিশ। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। মুহূর্তের মধ্যে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার হয়েছে এমন গুজব পুরো উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে। পরে আটককৃত শাহজাদা শেখ ফরিদ আল কুতুবীর পরিচয় বিভিন্ন মাধ্যমে শনাক্ত ও তথ্য নিয়ে জানতে পারে আটককৃত ব্যক্তি আসলে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী নয়। পরে যাচাই-বাছাই করে আটকের দেড় ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।