কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দেব দত্ত (৯) অপহরণে ১৭ দিন পর তার হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার বেলা ২টায় প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির শৌচাগারের পাশ থেকে গর্ত খুঁড়ে পুলিশ লাশ উদ্ধার করে। দেব দত্ত উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের পবিত্র দত্তের ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সাখায়াত হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে প্রতিবেশী জহুরুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুঁড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
অপহৃত শিশুর বাবা পবিত্র দত্ত বলেন, ৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে জানতে পারি দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। ওই দিন বিকেলে অপহরণকারীরা মোবাইলে অর্ধকোটি টাকা মুক্তিপণ দাবি করে।