যশোরের চৌগাছা উপজেলায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ভোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
পরে সেখান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।



