যশোরের চৌগাছায় এবার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত হয়েছে ১০ জন। আহতরা হলেন চৌগাছা শহরের বাকপাড়ার মিজানুর রহমানের ছেলে টনি হোসেন (৩২) একই গ্রামের শফি উদ্দীনের স্ত্রী শাহানাজ (৫০), ইছাপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা কুলসুম খাতুন (৩০), কয়ারপাড়া গ্রামের চন্দনা বেগম (৩৩) ও তার মেয়ে নুপুর (১৬), দেবীপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে হামিদুর রহমান (৫০), পাঁচনামনা গ্রামের শের আলীর ছেলে তাইজুল ইসলাম (৬০), মহেশপুরের ইউসুফ আলীর কন্যা স্বপনা খাতুন (২১), দিনাজপুর জেলার শিবপুরের ঈমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও গোলাম মোস্তফার ছেলে আব্দুর রাজ্জাক (৬০)। আহতদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে টনির অবস্থা আশঙ্খাযুক্ত হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চৌগাছা-যশোর সড়কের তানজিলা ব্রিক্সের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতরা বলেন বাসটি যশোর থেকে চৌগাছায় যাচ্ছিল। (যশোর-জ-০৪-০০৩৬) নম্বর বাসটি চৌগাছা-যশোর সড়কের তানজিলা ব্রিক্সের ইটভাটার সামনে পৌছালে অতিদ্রুত গামীবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম জানান বাসটি আটক করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে একটি বাসে হোসেন আলী নামে এক ব্যক্তিকে চাঁপা দিলে তিনি নিহত হন। রবিবার একই সড়কের সর্দার ভাটার সামনে (ঝিনাইদহ-ট-১১-০৯৮৪) ট্রাক এক মটরসাইকেল আরহীকে ধাক্কাদিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নার্গিস বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়।