ময়মনসিংহের গফরগাঁওয়ে কাজের পাওনা টাকা না দেওয়ার অপরাধে জুয়েল আহম্মদ (২৮) নামে এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ রাজমিস্ত্রীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার শনির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছয়আনী রসুলপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল আহম্মদ এর নিকট রাজমিস্ত্রী ফরহাদ, খায়রুল ও মিনহাজ তাদের কাজের পাওনা বাবদ ২’ শ টাকা চায়। এতে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।

ঝগড়ার একপর্যায়ে রাজমিস্ত্রী জুয়েলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ রাজমিস্ত্রীরা। পরে স্থানীয়রা তাকে পাশের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।