ময়মনসিংহের ত্রিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পথচারী সহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন যাত্রী।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এনা পরিবহনের একটি যাত্রীবহী বাস ময়মনসিংহে আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল সাইনবোর্ড এলাকায় সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী (২০) ও পুরুষ (৩০) নিহত হয়েছে।
এ ঘটনায় বাস যাত্রী উত্তরার বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে রোকসানা আক্তার (২৫), ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা আনিছুর রহমান (৬০), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আসিফ (৩০) কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে আহত হয়েছে আরো ৭ যাত্রীকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এর আগে দুপুরে মহাসড়কের ত্রিশাল কানহর এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাঁপায় শেরপুর সদর উপজেলার দিঘির পাড় এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৫৫) নিহত হন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মুনিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের থানায় নেয়া হয়েছে।