ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিরাইলকান্দি এলাকায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে আপ লাইনে ঢাকার সাথে চট্টগাম ও সিলেটের রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
ঘটনা তদন্তে রেলের ঢাকা বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা রেজাউল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। বেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মহা-ব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে কবে নাগাদ উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।






