প্রযুক্তির বদৌলতে দিন দিন পৃথিবী হচ্ছে গতিশীল থেকে আরো গতিশীল। একটা সময় ছিল যখন মানুষ দা, কাস্তে, কোদালসহ বিভিন্ন যন্ত্র ব্যবহার করতো নিত্যপ্রয়োজনীয় কাজে। আর কাজ-কর্মে ব্যবহৃত এই যন্ত্রপাতিগুলো তৈরি ও শান দেয়ার জন্য ছিল কামারেরা।
গ্রামের বাজারগুলোতে এক সময় কামারদের ছিল বেশ আধিপত্য। কিন্তু বর্তমানে আর সে সময় নেই। এখন নতুন নতুন প্রযুক্তি এসে সেসব জিনিসের ব্যবহার গেছে কমে। ফলে বাজারগুলোতে আগের মতো আর দেখা যায় না সেই কামারদের। যদিও দু-একজন আছেন তারাও এখন কাজের অভাবে ছেড়ে দিচ্ছেন এ পেশা।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজারের কুবির কর্মকার (৫০)। ২৫ বছর ধরে এ কাজ করে আসছেন। তিনি জানালেন, আজ সকাল থেকে সন্ধা পর্যন্ত মাত্র ৭০ টাকার কাজ করেছেন। কুবিরের বাড়ি দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার সিমর-কর্মকার পাড়ায়। তার বাবার নাম মৃত জতিন কর্মকার। তিনিও এ কাজ করতেন।
কুবির কর্মকার আরো বলেন, তার ৩টি ছেলে আছে। তারা স্কুলে পড়াশুনা করছে। তার ইচ্ছা বড় ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন। এই কাজে আর ভাত নেই। তাই তাকে খুঁজতে হচ্ছে নতুন পথ।



