যশোরের চৌগাছায় গুলিতে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ দাবি করছে, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স (৪৫) বছর। তার পরনে রয়েছে কালো, সাদা, লাল স্ট্রাইপ গেঞ্জি এবং সাদার উপরে নকশি করা লুঙ্গি।

এ ব্যাপারে চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দীন বলেন, ‘মঙ্গলবার রাত দুইটা/আড়াইটার দিকে আমাদের কাছে খবর আসে, উপজেলার ফুলসারা ইউনিয়নের চৌগাছা-যশোর সড়কের চান্দা আফরা মোড় এলাকায় দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এরপর সেখানে আমাদের টহল পুলিশের একটি দল পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার অনেক আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।