মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও শেখ রাসেল স্মারক গ্রন্থ নামক বই ছুড়ে ফেলে দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের এক প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতির বিরেুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মামলাটি করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের এসি হাই একাডেমির অভিযুক্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও পরিচালনা পরিষদের সভাপতি শেখ হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে সরাইল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীমূলক বই ও শেখ রাসেল স্মারক গ্রন্থ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জুলাই সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সরাইল উপজেলা কমিটির সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান চৌধুরী ওই দুটি বই চুন্টা গ্রামের এসি হাই একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও সভাপতি শেখ হাবিবুর রহমানের হাতে তুলে দেন।

এসময় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বইগুলো গ্রহণ করে তাতে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের ছবি দেখে ক্ষিপ্ত হয়ে বই দুটি স্কুলের মাঠে ছুড়ে ফেলে দেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী আশরাফ উদ্দিন মন্তু বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।