যশোর শহরের শংকরপুর এলাকা থেকে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে তিনি ‘দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে’ নিহত হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শংকরপুর বাবলাতলা এলাকা থেকে লাশটি তারা উদ্ধার করেন।

তিনি বলেন, ‘ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে আমরা খবর পাই। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।’

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে বলেও এসআই তারেক জানান।

নিহত যুবকের লাশ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তার পরনে জিন্স, সবুজ শার্ট ও কোমরে একটি গামছা ছিল বলে হাসপাতালের কর্মীরা জানিয়েছেন।