১৭ এপ্রিল সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণ নিহত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সহোদর দুই ভাই জসিম উদ্দিন ও মো. ইব্রাহিমের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে জানাজা শেষে উপজেলার চরলরেন্স এলাকার পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করাহয়। এর আগে বৃহস্পতিবার রাতে বিমানযোগে তাদের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাতেই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের নামাজে জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীসহ অসংখ্য মুসল্লী অংশ নেন।

নিহতদের পারিবারিক সূত্র জানান, প্রায় এক যুগ আগে জসিম ও ইব্রাহীমের পিতা নেছার আহমদ সৌদি আরবে যান। চার বছর আগে তার বড় ছেলে জসিম উদ্দিনকে ও দুই বছর আগে ছোট ছেলে ইব্রাহীম হোসেনকে ধার-দেনা করে সৌদি আরবে নিয়ে যান নেছার আহমদ। বাবা ও দুই ছেলে এক সঙ্গে থাকতেন সেখানে। আল-হোলাইফা শহরে লেপ-তোষকের ব্যবসা করতেন তারা।

গত ১৭ এপ্রিল নিজেদের রুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে অগ্নিদগ্ধ হয়ে জসিম ও ইব্রাহীমসহ সাত বাংলাদেশী মারা যান। তবে ঘটনার সময় নেছার আহমদ রুমে না থাকায় প্রাণে বেঁচে যান তিনি।