ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামের রফিকুল ইসলামের মাছের ঘেরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে তিন একর জমি খনন করে একটি পুকুরে ১৮ হাজার পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির এক লাখেরও বেশি মাছ পালন করছিলেন উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রফিকুল। কয়েক দিন আগে পরিমাপ করে দেখেছিলেন ওই পাঙ্গাসগুলো ৩০টায় এক মণ ওজনের হয়েছে। মাছগুলোকে এ পর্যায়ে আনতে দিনরাত পরিশ্রমের পাশাপাশি রফিকুলের ব্যয় হয়েছিল ২৫ লাখ টাকা। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে মাছ মারার বিষের ট্যাবলেট ছিটিয়ে দেয়। সকালে মাছের খাদ্য দিতে গিয়ে ফিশারিতে গিয়ে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এ সময় রফিকুল কান্নায় ভেঙে পড়েন। তিনি আমিরাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সাথে কারো বিবাদ ছিল না বলে জানান রফিকুল।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।