চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে ধর্মঘট স্থগিত করার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী।
প্রশাসন ও হাসপাতাল মালিক সূত্রে জানা যায়, সাধারণ রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে সোমবার সকালে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। বৈঠকে প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে ধর্মঘট তুলে নেয়ার কথা জানান বেসরকারি হাসপাতাল মালিক সমিতির নেতারা।
এর আগে চট্টগ্রাম নগরীতে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রেক্ষিতে রোববার (৮ জুলাই) দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ধর্মঘটের ডাক দেয় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি।
এতে চরম দুর্ভোগে পড়েন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। অনেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হতে না পেরে বাধ্য হয়েই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন।






